বিদেশে পাঠানোর নামে প্রতারণার ফাঁদ, রাজশাহীতে আটক ২

ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীতে অসহায় নারীদের বিদেশ পাঠানোর নামে প্রতারণা চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর কাজলা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুইজনের নাম মামুন হোসেন ও নিসা খাতুন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম।

এ সময় এনএসআইয়ের রাজশাহী নগর কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, আটক মামুনের বাড়ি কুষ্টিয়া। তিনি সম্প্রতি কাজলা এলাকার একটি বাড়ি ভাড়া নেন। তিনি বলেছিলেন, মাঝে মধ্যে তিনি এখানে এসে ফ্যাশান ডিজাইনের প্রশিক্ষণ দেবেন। এরপর ৮০ থেকে শতভাগ স্কলারশিপে তাদের ফ্যাশান ডিজাইনের ওপর পড়াশোনার জন্য বিদেশে পাঠানো হবে। সেখানে পড়াশোনা শেষ করে তারা চাকরি করবেন। ভালো আয় করে টাকা দেশে পাঠাবেন।

শুক্রবার সকালে ওই বাড়িটিতে অভিযান চালিয়ে মামুন ও নিসাকে আটক করে নিয়ে আসা হয়।

এডিএম আরও জানান, এটি আসলে একটি প্রতারণার ফাঁদ। তা না হলে মামুন তো তার নিজের জেলায় কাজটি করতে পারতেন। আর তার নিজের কোনো প্রতিষ্ঠানও নেই। তাহলে তিনি কীভাবে নারীদের বিদেশে পাঠাবেন। আপাতত এটি প্রতারণার ফাঁদ মনে হলেও এর সঙ্গে নারী পাচারের কোনো উদ্দেশ্য আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

তিনি জানান, আটক দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে’র হেফাজতে আছেন। তিনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

-এটি

পূর্ববর্তি সংবাদসরকার গুমের সংস্কৃতি চালু রেখে জনগণের ওপর নির্যাতন করছে: ফখরুল
পরবর্তি সংবাদভারতে অমানবিক শোষণের শিকার গার্মেন্টস শ্রমিকরা