অজান্তে জাল নোট বহনে শাস্তি নয়, সাধারণ মানুষের হয়রানি বন্ধে নতুন আইন

ইসলাম টাইমস ডেস্ক: জাল মুদ্রা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে দেশে প্রথমবারের মতো একটি নতুন ও পূর্ণাঙ্গ আইন করা হচ্ছে। এতে অপরাধীদের কঠিন শাস্তির পাশাপাশি গ্রাহক হয়রানি বন্ধে রাখা হচ্ছে বেশ কিছু বিধান। কোনো গ্রাহক অজান্তে জাল নোট বহন করলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে না। কোনো শাস্তি দেয়া যাবে না ।

জানা যায়, জাল নোট বহন, প্রচলন ও বিস্তারের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে দেশে বর্তমানে সুনির্দিষ্ট কোনো আইন নেই। ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০ ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর আওতায় বর্তমানে জাল নোটের মামলা ও বিচার সম্পন্ন হয়। জাল নোটসহ যাদের ধরা হয় তাদের অনেকেই সাধারণ মানুষ। আইনি ঝামেলায় পড়ে হয়রানি হতে হয় তাদের। এছাড়া সাক্ষীর অভাবে বিচারও বিলম্বিত হয়। এসব কারণে নতুন আইন করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে আইনের খসড়া তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। একই সঙ্গে তা বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাছে পাঠানো হয়েছে মতামত দেয়ার জন্য। আইনের খসড়াটি আরও সময়োপযোগী করতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনলাইনে একটি বৈঠক হয়। এতে অর্থ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), র‌্যাব, পুলিশ, এনএসআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে টাকার পাশাপাশি ডলার, পাউন্ড, ইউরো, রুপিসহ যে কোনো বৈদেশিক মুদ্রা জাল করলেও এই আইনের আওতায় বিচারের বিধান সংযোজনের প্রস্তাব করা হয়েছে। মুদ্রা জাল করা প্রচলিত মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও অপরাধ। জাল মুদ্রার ব্যবসার প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে এই আইনের আওতায়ও মামলা করার বিষয়টি বিবেচনা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বৈঠকে মুদ্রা জাল করার উপকরণসহ যাদেরকে গ্রেফতার করা হয় তাদের বিচার দ্রুত সম্পন্ন করতে তাগিদ দেয়া হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদবরিশালে যাত্রীবাহী বাসে ড্রামে পাওয়া গেল বোরকাবৃত নারীর লাশ
পরবর্তি সংবাদমেরুল বাড্ডায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে রাতভর অভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার জব্দ