ইসলাম টাইমস ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগানের সাথে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ টেলিফোনে কথা বলেছেন।
ফোনালাপ চলাকালে তারা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। সৌদি আরব আয়োজিত জি -২০ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার ক্ষেত্রে সমন্বয়মূলক প্রচেষ্টার উপর এই আলোচনা হয়েছে। এ ছাড়া দু’দেশের সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন তারা।
শনিবার তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর একথা জানিয়েছে।
প্রেসিডেন্ট দপ্তরের লিখিত এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট এরদোগান ও বাদশাহ সালমান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সংলাপের পথ খোলা রাখতে সম্মত হয়েছেন।’
বিবৃতিতে আরো বলা হয়, দুই নেতা জি-২০ নেতাদের সম্মেলনের বিষয় নিয়েও কথা বলেন। ২১-২২ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বছর সৌদি আরব জি-২০ সম্মেলনের আয়োজক দেশ।
সূত্র: সিনহুয়া, আরব নিউজ, টিআরটি ওয়ার্ল্ড
এম এস আই
















