ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোনায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে পূর্বধলা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, গাজীপুরের কাপাশিয়া উপজেলার চড় আলীনগর গ্রামের আবুল কাসেমের ছেলে হারুন মিয়া (৩৫) এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার লালমা বিশকা গ্রামের আ. রশিদের ছেলে তারা মিয়া (২৮)।
নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে নিশ্চিত করে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নেত্রকোণার দুর্গাপুর থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল।
এ সময় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার বামনখালী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজির যাত্রী হারুন মিয়া ও চালক তারা মিয়া মারা যান।
-এনটি
















