ইসলাম টাইমস ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাসীন দলের নবনির্বাচিত সংসদ সদস্য হতি জাওকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দেশটির উত্তর শান রাজ্যে অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন।
ওই রাজ্যের কিউকমে শহরে নিজের বাসায় যে দোকানটি চালাচ্ছিলেন সেখানে জাওকে গুলি করা হয় বলে দলটির মুখপাত্র মায়ো নিন্ট জানিয়েছেন।
হামলাকারীকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় সু চির দলের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এটিকে রাজনৈতিক সহিংসতা বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় পুলিশ এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
২০১১ সালে সেনাবাহিনী সমর্থিত সরকারের পর মিয়ানমারে দ্বিতীয়বার নির্বাচন হয়। যাতে অং সান সু চির এনএলডি জয়লাভ করে।
দলটির মুখপাত্র মায়ো নিন্ট জানিয়েছেন, ঘটনাস্থলটি নিহত জাওয়ের নির্বাচনী এলাকা। নভেম্বরের নির্বাচনে এই আসনটি জয় করে এনএলডি।
উল্লেখ্য, এই সরকারের আমলে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী মুসলমানদের উপর গণহত্যা চালায়। যার ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
সূত্র: চ্যানেল নিউজ এশিয়া
















