ভারতে চালু ‘গো মন্ত্রণালয়’, আলাদা কর দিতে হবে জনগণকে

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে গরুদের নিরাপত্তার জন্য গঠিত হয়েছে বিশেষ ‘‌গো মন্ত্রণালয়’। এতেই ক্ষান্ত নয় রাজ্য প্রশাসন, গরুর কল্যাণের জন্য জনগণের কাছ থেকে আলাদা করে কর নেওয়ার ব্যাপারেও ভবছে তারা। রবিবার গোপাষ্টমী উপলক্ষে আগর মালোয়ায় ‘কামধেনু গো অভয়ারণ্যে’ বক্তব্য রাখতে গিয়ে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

শিবরাজ সিং বলেন, ‘‌‘আমরা সবসময় আমাদের খাবারের থেকে কিছু অংশ গরু এবং কুকুরদের জন্য রেখে দেই। কিছু কিছু ক্ষেত্রেই এটা মেনে চলা হয়। তাই আমি চাই জনগণের কাছ থেকে আলাদা করে কিছু কর নেওয়া হোক। ওই টাকা গরুদের কল্যাণে ব্যবহৃত হবে।‌’‌’ শুধু তাই নয়, গরুদের জন্য ২০০০টি শেলটার হোম গঠন করা হবে। একাধিক এনজিও সেগুলোর রক্ষণাবেক্ষণ করবে। এমনকি গো ক্যাবিনেটের প্রথম বৈঠকে মন্ত্রী পরিষদ সমিতি গঠনের কথাও বলেন মুখ্যমন্ত্রী।

২০১৭ সালে দেশের প্রথম গো অভয়ারণ্য ‘কামধেনু গো অভয়ারণ্য’ নির্মিত হয় মধ্যপ্রদেশের আগর মালোয়ায়। প্রায় ৩২ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল ওই অভয়ারণ্য। সেই আগর মালোয়াতেই গো মন্ত্রকের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হল।

আরো পড়ুন: ভারতে আবারো গোমূত্র পান, বিজেপি নেতা বললেন, গোমূত্রের উপকারিতা প্রমাণ হয়ে গিয়েছে

গত আগস্টে মধ্যপ্রদেশ সরকার বার্ষিক ১১ কোটি টাকা বরাদ্দ করে রাজ্যের সরকারি গোশালার ১ লক্ষ ৮০ হাজার গরুর জন্য। অর্থাৎ দৈনিক হিসেবে তা দাঁড়ায় ভারতীয় মুদ্রায় ১.৬ টাকা। যা আগের বছরই ছিল ২০ টাকা। গত আর্থিক বছরে পশুপালন বিভাগের জন্য বরাদ্দ হয়েছিল ১৩২ কোটি টাকা। রাতারাতি ৯০ শতাংশ খরচ কমিয়ে দেওয়া হয় বাজেটে। এই নিয়ে রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্ক শুরু হয়। সরকারের তরফে সকলের কাছে অনুদান চাওয়া হয় ঘাটতি মেটাতে। কিন্তু তাতেও তেমন সাড়া মেলেনি। সবমিলিয়ে শিবরাজ সরকারের ওই পদক্ষেপটি বেশ সমালোচিত হয়। বলা হয়, সরকারের ধার্য করা অর্থে পশুপালন বিভাগের অন্য সব খাতে খরচ বাদ দিলেও কেবল গরুদের খাওয়ানোর বিষয়টিই প্রবল সমস্যার মুখে পড়বে।

সূত্র: সংবাদ প্রতিদিন।

-এনটি

পূর্ববর্তি সংবাদট্রাম্পকে পরাজয় মেনে নেয়ার আহবান জানালেন ঘনিষ্ঠ মিত্র
পরবর্তি সংবাদব্রাহ্মণবাড়িয়ায় নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু