ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, আহত হচ্ছেন পথচারীরা

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ও সরিষা ইউনিয়নের সংযোগস্থানে কাঁচামাটিয়া নদীর ওপর একটি ঝুঁকিপূর্ণ সেতু পারাপারের সময় প্রায়ই আহত হচ্ছেন পথচারীরা। দীর্ঘ দিন ধরে এমন অবস্থা চললেও এলাকাবাসীর দুঃখ দেখার কেউ নেই বলে তাদের অভিযোগ।

জানা যায়, অনেকটা ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। অন্ধকার রাতে সেতুটির র‌্যালিং ঘেষে পারাপার করতে গিয়ে কনক্রিটের ভেতর থেকে বেরিয়ে থাকা রডে আঘাতপ্রাপ্ত হচ্ছেন পথচারীরা। এতে করে বড় ধরণের দুর্ঘটনার শঙ্কাও প্রকাশ করেছে এলাকার মানুষ।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, সেতুটি ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। র‌্যালিংয়ের সিমেন্ট বালির আস্তর খসে পড়েছে। কিন্তু কেউ দেখছে না। দ্রুত সেতুটি সংস্কার করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

সরিষা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া জানান, সেতুটি নিয়ে একাধিকবার উপজেলা প্রশাসন ও প্রকৌশলীর সাথে কথা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে সেতুটির সংস্কার কাজ হবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, সেতুটি আরো বড় করে করার জন্যে প্রস্তাব পাঠানো হয়েছে। আপাতত সেতুটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

-এনটি

পূর্ববর্তি সংবাদবয়স্ক জনসংখ্যা বেড়ে যাওয়ায় শিশু জন্ম দেওয়ার বিষয়ে জোর দিচ্ছে চীন
পরবর্তি সংবাদযাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস: রিভিউ রায় ১ ডিসেম্বর