ইসলাম টাইমস ডেস্ক: করোনার অজুহাতে দেশের বিভিন্ন জায়গায় ব্যক্তি বিশেষের মাহফিলে বাধাকে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন মাওলানা মামুনুল হক। এসময় তিনি ভাস্কর্যের বিরুদ্ধে দেশের আলেম সমাজের অবস্থানকে ঈমানী দাবির অংশ বলে উল্লেখ করেন।
ফেসবুক লাইভে এসে মাওলানা মামুনুল হক এসব বলেন। এসময় তিনি চলমান বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানিয়েছেন।
বর্তমানে অনেকেই জামায়াতে ইসলামীর সাথে মাওলানা মামুনুল হকের সম্পৃক্ততা নিয়ে যে অপপ্রচার চালাচ্ছেন তা উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে কারো বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ট্যাগ লাগানো হলে তাকে হয়রানী করা ও তার বিরুদ্ধে যেকোন পদক্ষেপ নেওয়া বৈধ হয়ে যায়, তাই এই অপপ্রচারের( জামায়াতে ইসলামী) সাথে তার কোন সম্পৃক্ততা না থাকার বিষয়টি তিনি স্পষ্ট করেন।
তিনি বলেন, আমরা জানি বাংলাদেশে মেধাবি ছাত্র আবরার ফাহাদের অবস্থা। আমরা দেখেছি তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার উপর জামাত ট্যাগ লাগিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।
এছাড়া মাওলানা মামুনুল হকের পরিবারের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও নির্দিষ্ট কিছু ব্যক্তি মিথ্যা তথ্য ছড়িয়ে বেড়াচ্ছেন, এসবের তীব্র নিন্দা জানিয়ে দায়িত্বশীলদের এব্যাপারে দৃষ্টি আকর্ষণ ও ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
-এনটি
















