ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন লেগে ৩৬টি টিনের তৈরি ঘর পুড়ে ছাই গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে ফতুল্লার উত্তর নরসিংপুর-মুসলিমনগর সীমাবর্তী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় টিনশেডের কাঁচাঘরগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বসবাস করতেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জ ও বিসিক ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই ৩৬টি ঘরসহ ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
কোনো রকমে ঘর থেকে বের হয়ে জীবন রক্ষা করেন অনেকে। ঘটনার এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে আসতে সময় লাগে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ছুটে আসলেও রাস্তা একটু সরু থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে একটু সময় লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা কয়েল বা অন্য কোনো দ্রব্য থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি।
এস এন
















