ইসলাম টাইমস ডেস্ক: জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কাছে বন্দুকধারীদের হামলায় ভারতীয় দুই সেনা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ জানায়, শ্রীনগরের এইচএমটি এলাকায় সেনাবাহিনীর টহলরত দলের ওপর হামলা চালিয়েছেন বন্দুকধারীরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে নেওয়ার পর হামলায় আহত দুই সেনার মৃত্যু হয়েছে।
এক পুলিশ কর্মকর্তার ভাষায়, ‘তিন সন্ত্রাসী আমাদের জওয়ানদের ওপর গুলি চালায়। দুজন সেনা গুরুতর আহত হয়ে মারা যান।
পুলিশ কর্মকর্তার ভাষ্যমতে জৈশ-ই-মুহাম্মাদ সন্ত্রাসী গোষ্ঠী এখানে খুব সক্রিয়। তারা গাড়িতে করে পালিয়ে যায়।’
বন্দুকধারীদের দলটিকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
এর আগে, নাগরোটার কাছে জম্মু-শ্রীনগর মহাসড়কে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে চার জৈশ-ই-মুহাম্মাদের সদস্য নিহত হন। সে সময় বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য আহত হয়েছিলেন।
পুলিশের ধারণা, বন্দুকধারীরা ওই অঞ্চলে ‘বড় ধরনের হামলার পরিকল্পনা করছে’ এবং তারা কাশ্মীর উপত্যকার দিকে এগুচ্ছে।
তল্লাশি অভিযান নিয়ে ভারতীয় বাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী ২৮ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে আট দফায় জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন কাউন্সিল (ডিডিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। ২২ ডিসেম্বর ভোট গণনা করা হবে।
গত বছরের আগস্টে মোদি সরকার ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর এই প্রথমবারের মতো ওই অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
-এনটি
















