‘শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সফলতা আসে’

ইসলাম টাইমস ডেস্ক: শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সফলতা আসে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় ঢাকা মেডিক্যাল কলেজে অবস্থিত শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, শহীদ ডা. মিলনের আত্মত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক আন্দোলনের সফলতা লাভ করেছিল। বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে, গণতান্ত্রিক চেতনাকে সমৃদ্ধ করে। তারই ধারাবাহিকতায় দেশের মানুষকে সংঘবদ্ধ করে শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সফলতা আসে।

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ পরিচালিত হোক সেই লক্ষ্যে বাংলাদেশের ১৬ কোটি মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আমি মনে করি এই গণতান্ত্রিক আন্দোলন ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি একদিন বাংলাদেশের গণতন্ত্র আরো উন্নত হবে। ধর্মান্ধ এবং উগ্রবাদী প্রতিক্রিয়াশীল শক্তির পতনের মাধ্যমে আমরা আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাবো।

-এনটি

পূর্ববর্তি সংবাদ২৪ ঘণ্টায় করোনায় ২০ মৃত্যু, শনাক্ত ২২৭৩, সুস্থ ২২২৩
পরবর্তি সংবাদচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবেশে বাসে দুর্ধর্ষ ডাকাতি, লুটের সময় গুলিবিদ্ধ ২