ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সব খাতেই দুর্নীতি ছড়িয়ে আছে।
শুক্রবার সকালে টিআইবি রিপোর্টের প্রতিক্রিয়ায় গণমাধ্যমের কাছে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
তিনি বলেছেন, শুধু সরকারি খাতে না, সমাজের সব স্তরেই দুর্নীতি আছে। তবে আগের চেয়ে দুর্নীতি কিছুটা কমেছে বলে ধারণা তার।
তিনি বলেন, দুর্নীতি শুধু সরকারি পর্যায়ে আছে তা নয়, এটা সব খাতেই ছড়িয়ে আছে। দুর্নীতির ব্যাপারে দুদক যেমন কঠোর, সরকারের অবস্থানও তেমনি কঠোর।
তিনি আরো বলেন, কঠোরতার কারণে দুর্নীতির মাত্রা কিছুটা হলেও কমেছে। এটা আমার ব্যক্তিগত ধারণা।
সম্প্রতি প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এ প্রতিবেদনে এশিয়ার বিভিন্ন দেশের দুর্নীতিসহ নানা অবস্থার কথা উঠে এসেছে। এতে বলা হয়েছে, দেশের ৭২ শতাংশ মানুষই মনে করেন সরকারি দুর্নীতিই সবচেয়ে বড় সমস্যা। প্রতিবেদনে আরও বলা হয়, দেশের ৮৬ শতাংশ মানুষ দুদকের ওপর আস্থা রাখেন।
এস এন
















