ইসলাম টাইমস ডেস্ক: দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। তাছাড়া আহত হয়েছেন ৫২ জন।
সোমবার (৩০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, শ্রীলঙ্কার কারাগারগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ কারণে আতঙ্কিত বন্দিরা নিরাপত্তা ও জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছিলেন। এ সময় কারারক্ষীদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা গুলি করে।
পুলিশের মুখপাত্র আজিথ রোহানা জানান, মাহারা কারাগারের কারারক্ষীরা বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগ করে।
উল্লেখ্য, দাঙ্গায় আহত অর্ধশতাধিক কয়েদিকে এরই মধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কিছু লোকের অবস্থা আশঙ্কাজনক।
-এনটি
















