ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার ইস্যুতে কারো চাপে পিছু হটবে না পাকিস্তান

ইসলাম টাইমস ডেস্ক: মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং তাদের মিত্র দেশগুলোর চাপে কখনো পিছু হটবে না পাকিস্তান।

রবিবার (২৯ নভেম্বর) দেশটির ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফ এমনই দাবি করেছে।

এক টুইট বার্তায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল বলেছে, ফিলিস্তিনের জনগণের ইচ্ছার প্রতিফলন এবং জাতিসংঘের প্রস্তাবের ন্যায়সঙ্গত এবং সুষ্ঠু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

এছাড়া ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী টুইট বার্তায় জানান, ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থন থাকবে।

এর আগে গত মাসে ইমরান খান বলেছিলেন, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গভীর প্রভাব ইসলামাবাদে চাপ সৃষ্টির পেছনে রয়েছে। এছাড়া চাপ সৃষ্টির পেছনে সৌদি আরব রয়েছে বলে ইঙ্গিত দেন ইমরান খান।

পাক প্রধানমন্ত্রী বলেন, নির্দিষ্ট কিছু বিষয় আছে যা আমরা বলতে পারি না কারণ তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো এবং আমরা চাই না তাদের অস্বস্তির কারণ হতে।

সূত্র: আরব টাইমস

-আরএম

পূর্ববর্তি সংবাদমাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকায় একদিনে গ্রেপ্তার ৭৩
পরবর্তি সংবাদআমিরাতের কাছে মার্কিন অস্ত্র বিক্রি আটকাতে মানবাধিকার সংস্থাগুলোর চিঠি