চাঁদপুরে তেলবাহী লরি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় তেলবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলা হাসপাতালের সামনে ফরিদগঞ্জ-রায়পুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি স্কুটার চালক পার্শ্ববর্তী রায়পুর বাসিন্দা জাহাঙ্গীর (৪০),  যাত্রী ফরিদগঞ্জের চরবড়ালি গ্রামে রুমা বেগম (৩০) এবং একই উপজেলার শোল্লায় গ্রামের মামুন (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মেঘনা অয়েল কোম্পানির একটি তেলবাহী লরি পার্শ্ববর্তী রায়পুর উপজেলা থেকে ফরিদগঞ্জের দিকে আসছিল।

পথিমধ্যে ফরিদগঞ্জ হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় লরির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে রাস্তার পাশে খালে পড়ে যায়।

এতে অটোরিকশার তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক জাহাঙ্গীর ও যাত্রী রুমা বেগমকে মৃত ঘোষণা করেন। আরেক যাত্রী মামুনকে গুরুতর অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-এনটি

পূর্ববর্তি সংবাদকৃষকদের চাপে দিশাহারা মোদি সরকার, আন্দোলনকারীদের বৈঠকের আহ্বান অমিত শাহের
পরবর্তি সংবাদসৌদি আরবের আকাশপথ ব্যবহারের অনুমতি পেল ইসরাইল