এবার নকল ভ্যাকসিনের আশংকা, দুনিয়াজুড়ে সতর্কতা

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে দুনিয়াজুড়ে চলছে বহুমুখী রাজনৈতিক-অর্থনৈতিক হিসাব-নিকাশ। কে কবে ভ্যাকসিন তৈরি করছে, কে কবে কাকে ভ্যাকসিন দিয়ে কাছে টানছে, দূরে ঠেলছে, তাই এখন সংবাদমাধ্যমগুলোর হেডলাইন।

স্বাভাবিকভাবেই এবার শুরু হয়েছে নকল ভ্যাকসিন তৈরির আশংকা। করোনার ভ্যাকসিন সংঘবদ্ধ অপরাধী চক্রের লক্ষ্য হয়ে উঠতে পারে ও বাজারে নকল ভ্যাকসিন বিক্রি হতে পারে বলে এবার সতর্ক করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল তাদের ১৯৪টি সদস্য রাষ্ট্রের জন্য বৈশ্বিক সতকর্তা (গ্লোবাল অ্যালার্ট) জারি করেছে।

অপরাধী চক্র যাতে সরাসরি বা অনলাইনে করোনার নকল ভ্যাকসিন বিক্রি করতে না পারে সেজন্য রাষ্ট্রগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ইন্টারপোলের মহাসচিব ইয়োরগেন স্টক গণমাধ্যমকে বলেছেন, ‘বিভিন্ন দেশের সরকার যেমন ভ্যাকসিন আনার প্রস্তুতি নিচ্ছে তেমনি অপরাধী চক্র ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থায় হস্তক্ষেপ করতে বা বিঘ্ন ঘটানোর পরিকল্পনা করছে।’

অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইট ও মিথ্যা রোগ নিরাময়ের কথা বলে সাধারণ মানুষকে তাদের প্রতারণার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।

তিনি আরও বলেছেন, ‘তাদের ফাঁদে পা দেওয়া মানুষরা নকল ভ্যাকসিন গ্রহণ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।’

এসএন

পূর্ববর্তি সংবাদটিকটকের অন্ধকার: তারুণ্যের টিপটপ যেখানে ম্লান হচ্ছে
পরবর্তি সংবাদগ্রাহকের ৮৫ লাখ টাকা আত্মসাত, হবিগঞ্জে ব্যাংক ম্যানেজার আটক