রাজধানীতে তৌহিদী জনতার ভাস্কর্যবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হওয়া তৌহিদী জনতার ভাস্কর্য বিরোধী মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় মিছিলে অংশ নেওয়া অনেকের উপর মারমুখী হতে দেখা গেছে পুলিশকে।

(৪ ডিসেম্বর) শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে ভাস্কর্য বিরোধী মিছিলে যোগ দেন রাজধানীবাসীর অনেকেই। মিছিলটি পল্টন এলাকায় পৌঁছালে লাঠিচার্জ করে পুলিশ সেটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় অনেকের কলার ও পাঞ্জাবি ধরে টানেন পুলিশ। মিছিলে অংশ নেওয়া  কারো কারো ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে।

জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ চত্বর থেকে বিক্ষোভকারীরা বের হওয়ার চেষ্টা করলে শুরুতে তাদের বের হতে বাধা দেয় পুলিশ।

পরে তাদের বের হওয়ার অনুমতি দিলে বায়তুল মোকাররম সংলগ্ন এলাকায় তারা মিছিল করে। তবে পল্টনের দিকে এক পর্যায়ে পুলিশ মিছিলে বাধা দেয় এবং বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে। এসময় অনেককে গ্রেফতারও করা হয়।

মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ। তাই আমরা তাদের মিছিলে বাধা দিয়েছি। তিনি আরও জানান, মিছিল কারা আয়োজন করেছে তা এখনো জানা যায়নি।

-এনটি

পূর্ববর্তি সংবাদমানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ নিহত ৭
পরবর্তি সংবাদকরোনায় আক্রান্ত নুরুল ইসলাম নাহিদ