ভারতে পাচারকালে ৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে পাচারকালে যশোরের চৌগাছা উপজেলার শাহাজাতপুর সীমান্ত থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জব্দ হওয়া স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৯৬ লাখ টাকা।

শনিবার (০৫ ডিসেম্বর) ভোরে যশোর বিজিবি ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা এসব স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সেলিম রেজা স্বর্ণ পাচারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চৌগাছা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি স্পেশাল টহল দল অভিযান চালায়। ওই অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রাক্কালে শাহাজাতপুর গ্রামের একটি মাঠে অজ্ঞাত ব্যক্তিকে ধাওয়া করলে কালো কসটেপে মোড়ানো অবস্থায় ৬০টি স্বর্ণের বার ফেলে পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

জব্দ হওয়া স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৯৬ লাখ টাকা। জব্দ হওয়া স্বর্ণের বারগুলো যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান লে. কর্নেল মো. সেলিম রেজা।

পূর্ববর্তি সংবাদচলমান পরিস্থিতি বিষয়ে যাত্রাবাড়ীতে বিশিষ্ট আলেমদের বৈঠকে ৫ দফা প্রস্তাবনা
পরবর্তি সংবাদএকদিনে সুস্থ আরো ২৪৫৭, শনাক্ত ১৮৮৮, নতুন মৃত্যু ৩৫