সীমান্তের কাছে চীনের নতুন ৩ গ্রাম, ভারতের দুশ্চিন্তা

ইসলাম টাইমস ডেস্ক: প্রতিটি সীমান্ত এলাকায় সৈন্য সংখ্যা আরও বাড়ানোর পাশাপাশি বিভিন্ন পরিকাঠামোও তৈরি করছে চীন। তার ওপর এখন বিভিন্ন জায়গায় গ্রাম বানাচ্ছে, রাস্তা তৈরি করছে। এমনকি ক্ষেপণাস্ত্রও মোতায়েন করেছে।

ভারতের অরুণাচল প্রদেশের কাছে ভারত-চীন-ভুটানের সীমান্তের বুম লা পাস এলাকায় অন্তত তিনটি নতুন গ্রাম স্থাপন করেছে চীন। অরুণাচল সীমান্তে এলাকা দখলের লক্ষ্যে এটা বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

খবর সংবাদ প্রতিদিন ও আজকালের।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে প্রথম জানা যায় তিনটি দেশের সংযোগস্থল সংলগ্ন বুম লা পাস থেকে পাঁচ কিলোমিটার দূরে ফাঁকা এলাকায় কিছু বাড়ি তৈরি করছে চীন। কিন্তু, সম্প্রতি ওই এলাকার উপগ্রহ চিত্র থেকে দেখা যায় ইতিমধ্যেই সেখানে তিনটি গ্রাম তৈরি করেছে বেইজিং। ঠিকঠাক রাস্তা-সহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থাও করা হয়েছে।

বিষয়টি প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছে দিল্লি। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভারতকে চাপে রাখতেই নতুন এই কৌশল নিয়েছে শি জিনপিংয়ের সরকার। ভারতের অভিযোগ, এভাবে অরুণাচলের কাছে নতুন কোনো অশান্তির ছক কষছে।

এপ্রসঙ্গে চীন সংক্রান্ত ভারতীয় বিশেষজ্ঞ ব্রহ্ম চেল্লানি জানান, কমিউনিস্ট পার্টির হান চাইনিজ ও তিব্বতীয় সদস্যদের ব্যবহার করে অরুণাচল প্রদেশ সীমান্তে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে চীন। দক্ষিণ চীন সাগরে যেমন প্রথমে নিজেদের দেশের মৎস্যজীবীদের ঢুকিয়ে জলসীমা বাড়ানোর পরিকল্পনা নিয়েছিল বেইজিং। ঠিক একইভাবে অরুণাচল প্রদেশে বিভিন্ন জায়গায় নিজেদের লোক অনুপ্রবেশ করিয়ে পরিকাঠামো তৈরির মাধ্যমে ভারতের উপর চাপ বাড়াচ্ছে।

উপগ্রহ চিত্রে পাওয়া এই গ্রামের ছবি সম্বলিত রিপোর্ট আসার এক সপ্তাহ আগে ভুটানের অন্তর্গত এলাকায় চীনা গ্রামের ছবি দেখা গিয়েছিল। এই গ্রাম ডোকলাম সীমান্ত থেকে মাত্র ৭ কিমি দূরে অবস্থিত।

নতুন ছবিতে যে তিনটি গ্রামের রিপোর্ট পেশ করা হয়েছে তা চীনা জমিতে। লাদাখ সীমান্তে দুই দেশের উত্তেজনার সময়েই এখানে বেসামরিক লোকজন জড়ো করতে শুরু করেছে শি জিনপিংয়ের দেশ।

-এমএসআই

পূর্ববর্তি সংবাদঅভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবিয়ে দিচ্ছে গ্রিসের কোস্ট গার্ড, উদ্ধারে তুরস্ক
পরবর্তি সংবাদমাওলানা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন