ইসলাম টাইমস ডেস্ক: সরকারের সঙ্গে কোনো ধরনের বৈরিতা সৃষ্টি হেফাজতে ইসলামের উদ্দেশ্য নয় বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামবিদ্বেষী গোষ্ঠী আলেমদের সঙ্গে সংঘাতে জড়াতে সরকারকে প্ররোচনা দিচ্ছে। কোনো ষড়যন্ত্রকারী মহল যেন উসকানি দিয়ে দেশের শান্তি–শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার সুযোগ না পায়, সে জন্য প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।
ঘাপটি মেরে থাকা অশুভ শক্তি ভাস্কর্য ইস্যুর আড়ালে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
হেফাজতের মহাসচিব বলেন, বাংলাদেশের সংবিধানে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সুতরাং ধর্মের সঠিক ব্যাখ্যা দান ও গোমরাহির পথ পরিহারের আহ্বান জানানো আলেম সমাজের সাংবিধানিক অধিকার এবং ধর্মীয় কর্তব্য। কোনো ব্যক্তিবিশেষ, সংগঠন বা সরকার আলেমদের এই কর্তব্য পালনে হস্তক্ষেপ করার বৈধতা রাখে না।
হেফাজতে ইসলামের মহাসচিব বলেন, ‘ভাস্কর্য ইস্যুতে আলেম সমাজ ইসলামের বিধান ব্যাখ্যা করে ভুল পদক্ষেপ থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং এ বিষয়ে শরিয়তের ফতোয়া প্রচার করেছেন। বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত, শান্তি এবং তাঁর স্মৃতি স্মরণীয় করে রাখতে ইসলামসম্মত উত্তম উপায় খুঁজে বের করতে পরামর্শ দিয়েছেন।’ বিজ্ঞপ্তি
















