করোনায় মারা গেলেন সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুফ

ইসলাম টাইমস ডেস্ক: ফরিদপুর (সদর-৩) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন।

আজ বুধবার দুপুর সোয়া ১টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর জেলার বাঙালি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। কামাল ইউসুফের পিতামহ ছিলেন জমিদার চৌধুরী মঈজউদ্দীন বিভাশ। তার পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ শাসনামলে একজন বিশিষ্ট মুসলিম লীগ নেতা ছিলেন। তার চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) আইয়ুব খানের সরকারে মন্ত্রিসভায় ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

গত ১৯ নভেম্বর নিউমোনিয়াজনিত কারণে বিএনপির এই নেতাকে ঢাকার এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

কামাল ইবনে ইউসুফ ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ২০০১ সালের সরকারে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ছিলেন। কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য।

-এসএন

পূর্ববর্তি সংবাদভাস্কর্য ইস্যু: এবার ইসলামী নেতৃবৃন্দসহ খালেদা, তারেক ও ফখরুলের বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদ১ হাজার অবৈধ দোকান উচ্ছেদ: ২০০ কোটি টাকা তাহলে কে নিয়েছে?