ভাস্কর্য ইস্যুতে বিএনপিকে আক্রমণ করে যা বললেন তথ্যমন্ত্রী ও সেতুমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ‘আপনারা তো জিয়াউর রহমানের ভাস্কর্য সারাদেশে বানিয়েছেন। আপনারা আপনাদের বক্তব্য স্পষ্ট করুন। এই অপশক্তির বিরুদ্ধে আপনারা বক্তব্য দিন। এটা করতে আপনাদের এত লজ্জা কেন।’

বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাকে প্রশ্ন করা হয়েছিল ভাস্কর্য নিয়ে তার অবস্থান কী। তিনি নির্লজ্জের মতো বললেন, “এটি আমার কাছে কোনও ইস্যু নয়।” সারাদেশ উত্তাল আর তার কাছে ইস্যু না। তার ইস্যু হচ্ছে, তারেক রহমানের মতো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে কীভাবে দেশে ফেরত আনা যায়, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে কীভাবে মুক্ত করা যায়, খালেদা জিয়ার হাঁটুর ব্যথা-পায়ের ব্যথা তার কাছে ইস্যু। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই। বক্তব্যের মাধ্যমে আপনাদের অবস্থান পরিষ্কার করুন। অন্যথায় অপশক্তির পেছনে ইন্ধনদাতা হিসেবে জনগণ আপনাদের চিহ্নিত করবে।’

হাছান মাহমুদ বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতার পরাজিত শক্তির পরবর্তী প্রজন্ম দেশ এগিয়ে যাক তা চায় না। ১৯৭১ সালে যারা ফতোয়া দিয়েছিল,  “মুক্তিযোদ্ধারা সব কাফের”, “পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা ঈমানের বরখেলাপ”। এমনকি এই ফতোয়া দেওয়া হয়েছিল, আমাদের মা-বোনরা গনিমতের মাল, তাদের ভোগ করা যাবে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘যারা সেই ফতোয়া দিয়েছিল, তাদের পরবর্তী প্রজন্ম হচ্ছে আজকের ভাস্কর্যবিরোধীরা। যারা সেই ফতোয়া দিয়েছিল, তাদের অনুসারীরা ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়ে একটি শ্রেণিকে উসকে দিচ্ছে, ভাস্কর্য ভাঙচুর করছে। এই দেশে ভাস্কর্য হাজার বছর ধরে আছে। এই দেশে ব্রিটিশ আমলে ভাস্কর্য নির্মিত হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার পরও আমাদের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করার স্বার্থে ভাস্কর্য নির্মিত হয়েছে। তখন কেউ কথা বলেনি, অথচ যখন বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মিত হচ্ছে তখন তাদের গাত্রদাহ হচ্ছে। এটি রহস্যজনক। বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী কথা বলে আবার গ্রহণযোগ্যতা আদায়ের জন্য বঙ্গবন্ধুর পক্ষে দুই-চার কথা বলার চেষ্টা করছে। এগুলো হচ্ছে ছলচাতুরি। এটি হচ্ছে তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য অপকৌশলের অংশ।’

আরো পড়ুন: ভাস্কর্য ইস্যু: এবার ইসলামী নেতৃবৃন্দসহ খালেদা, তারেক ও ফখরুলের বিরুদ্ধে মামলা

‘ভাস্কর্য ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয়’ বলে জাতীয় মসজিদ ও ইফাকে প্রচারণার নির্দেশ

ভাস্কর্য বিরোধীতা আর বঙ্গবন্ধুর বিরোধীতা এক নয় বলায় আরেক ছাত্রলীগ নেতা বহিষ্কার

কুষ্টিয়ার সেই ভাস্কর্য ভাঙচুরের অভিযোগ এনে চার মাদরাসা ছাত্র আটক

 

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যখন প্রতিক্রিয়াশীল চক্র চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তখনো বিএনপি নেতারা কথা বলতে চান না। ভাস্কর্য ইস্যুতে তাঁদের বর্ণচোরা রাজনীতি জাতির কাছে এখন স্পষ্ট।’

আজ বুধবার (৯ ডিসেম্বর) নিজের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক তা মনে মনে বিএনপিও চায় না। রাজনৈতিক কারণেই তাঁদের কোনো আগ্রহ নেই কারণ বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে তাঁদের যোগসাজশে খুনিদের পুরস্কৃত করা হয়েছিল।

বিএনপি ভাস্কর্য নিয়ে কথা বলতে চায় না- এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যখন প্রতিক্রিয়াশীল চক্র চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তখনও বিএনপি নেতারা প্রকাশ্যে কথা বলতে চায় না। এর মধ্য দিয়ে প্রকারান্তরে বিএনপি তাদের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানকেই স্পষ্ট করেছে। তিনি বলেন, বিএনপি প্রকাশ্যে কিংবা গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকেই সমর্থন দিচ্ছেন। তাঁরা ভেতরে ভেতরে উসকে দিচ্ছেন আবার পৃষ্ঠপোষকতাও করছেন। সুতরাং বিএনপি মহাসচিব কোন মুখে উগ্রবাদীদের বিরোধিতা করবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের রাজনীতি এখন দুই ধারায় বিভক্ত; একদিকে উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি, অপরদিকে দেশের অব্যাহত এগিয়ে যাওয়ার গতিকে রুদ্ধ করার রাজনীতি। একদিকে ৭১-এর অসাম্প্রদায়িক চেতনা, অপরদিকে ৪৭-এর সাম্প্রদায়িক চেতনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরির নিরলস প্রয়াস চলছে তখন চিরাচরিত পাকিস্তানি ভাবধারায় দেশকে পিছিয়ে দেওয়ার এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।

মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী যে রাজনৈতিক বলয় রয়েছে দেশে, তার প্রকাশ্য-অপ্রকাশ্য পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ভাস্কর্য ইস্যুতে বিএনপির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে এখন স্পষ্ট হয়ে গেছে।

-এমএসআই

আরো পড়ুন: ন্যূনতম ঈমান থাকলেও মূর্তি বা ভাস্কর্য তৈরির পক্ষে কথা বলার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক

যেভাবে পৃথিবীতে মূর্তিপূজার সূচনা হয়

ইসলামের দৃষ্টিতে মূর্তি ও ভাস্কর্য দুটোই পরিত্যাজ্য

চাপে ফেলতে হেফাজত নেতাদের মামলাগুলো ফের সচল করা হচ্ছে

পূর্ববর্তি সংবাদভারতে ফ্ল্যাটে মিলল বাংলাদেশি তরুণীর মরদেহ
পরবর্তি সংবাদবেনাপোলে কাস্টমসের ভোল্ট ভেঙে স্বর্ণ চুরি, রাজস্ব কর্মকর্তার ২ দিনের রিমান্ড