ইসলাম টাইমস ডেস্ক: সারা দেশে যখন ভাস্কর্য বিতর্ক আলোচনার তুঙ্গে তখন রংপুর নগরীর শালবন ইন্দ্রিরা মোড়ে বেগম রোকেয়ার ভাস্কর্য ‘আলোকবর্তিকা’র উন্মোচন করা হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকাল এগারোটায় বেগম রোকেয়ার ভাস্কর্যটি উন্মুক্ত করা হয়। তবে রংপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে ভাস্কর্য নির্মিত হলেও ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে কোনো সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত হননি। এ নিয়ে অনুষ্ঠানে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করতে দেখা যায় কথিত সংস্কৃতিমনা অতিথিদের।
উন্মোচন পূর্বে আলোচনায় বক্তব্য রাখেন-লেখক রেজাউল করিম মুকুল, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, কবি ও অধ্যাপক শাহ্ সুলতান তালুকদার, সহকারী অধ্যাপক আজাহার আলী দুলাল, সহকারী অধ্যাপক এআইএম মুসা, সহকারী অধ্যাপক অনিমা বর্মণ, সহযোগী অধ্যাপক মাহফিজুল আলম সুজন, কবি ও প্রকাশক মাসুদ রানা শাকিল প্রমুখ।
ভাস্কর অনীক রেজা বলেন, ভাস্কর্য নির্মাণ কাজ শেষে এটি উদ্বোধনের জন্য সিটি মেয়র মোস্তাফিজার রহমান, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটুসহ সংশ্লিষ্টদের জানিয়েছি। কিন্তু তারা আমাকে এটি উন্মোচন করতে অনুমতি দিয়েছে। অনুষ্ঠানে তাদের কারো না আসার ব্যাপারে আমি ব্যাখ্যা দিতে পারব না।
রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ১৫ লাখ টাকা অর্থায়নে ভাস্কর্যটি নির্মাণ হয়েছে। এর উচ্চতা মাটি থেকে ২০ ফিট। এরমধ্যে শুধু পাথর-কংক্রিট থেকে বেরিয়ে আসা রোকেয়ার অবয়ক লম্বায় প্রায় ১২ ফিট।
রংপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, বিগত সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর আমলে বেগম রোকেয়ার ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধন হয়েছিল। এরপর ধীরগতিতে চলা নির্মাণ কাজ হঠাৎ বন্ধ হয়ে যায়। মাটি থেকে শুধু উঁচু বেদি তৈরির পরে কয়েকটি ইটের পিলার ছাড়া তখন আর কিছুই ছিল না। বছর তিনেক বন্ধ থাকার পর আবার শুরু হয় নির্মাণ কাজ। সেই নির্মাণ কাজের সমাপ্তি শেষে গত কাল বুধবার সকাল এগারোটায় উন্মুক্ত করা হয়।
ইজে
















