ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা নূর হোসাইন কাসেমীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে খতমে কুরআন ও দুআর আবেদন করা হয়েছে।
আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে খতমে কুরআন ও দুআর আবেদন করা হয়।
আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, কো-চেয়ারম্যান মাওলানা নূর হুসাইন কাসেমী (দা. বা.) গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন আছেন। বোর্ডের চেয়ারম্যান মহিউস সুন্নাহ মাওলানা মাহমুদুল হাসান আজ বাদ মাগরিব তাঁকে হাসপাতালে দেখতে যান এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
বোর্ডের চেয়ারম্যানের পক্ষ থেকে উলামায়ে কেরাম, তালাবায়ে এজাম, ইমাম, মুসল্লি ও দেশবাসী সকলের নিকট তাঁর দ্রুত সুস্থতার জন্য কুরআন খতম ও দুআর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিবের সুস্থতা কামনায় দেশবাসীর নিকট আরো দুআ চেয়েছেন আমীরে হেফাজত, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক মাওলানা জুনায়েদ বাবুনগরী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশবাসীর নিকট এ দোয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে আমীরে হেফাজত বলেন, হেফাজত মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন। বর্তমান এই নাজুক পরিস্থিতিতে, দেশ ও জাতীর এই সংকটময় মুহূর্তে মাওলানা নূর হোসাইন কাসেমী সাহেবের মতো হক ও ন্যায় নীতির উপর অটল-অবিচল, নিষ্ঠাবান আলেম আমাদের জন্য ছায়া স্বরূপ। মহান আল্লাহ তায়ালার দরবারে আমি তার আশু রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি।
এছাড়াও মাওলানা নূর হোছাইন কাসেমীর রোগমুক্তি কামনায় সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় দেশবাসীর কাছে দোয়ার আহবান জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ।
এর আগে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে মাওলানা কাসেমীকে এইচডিইউতে নেয়া হয়।
আরো পড়ুন: আইসিইউতে মাওলানা নূর হোসাইন কাসেমী, সুস্থতার জন্য দোয়া কামনা
গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মাওলানা কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়।
আরো পড়ুন: মাওলানা কাসেমীর শারীরিক অবস্থার আরো অবনতি, দেশবাসীর দোআ কামনা
















