কৃষিমন্ত্রী বললেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলা রাষ্ট্রদ্রোহিতা’

ইসলাম টাইমস ডেস্ক: এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলাকে রাষ্ট্রদ্রোহিতা আখ্যা দিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলা রাষ্ট্রদ্রোহিতা।

তার ভাষায়, দেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে রয়েছেন তিনি। তাকে সম্মান জানিয়ে দেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য তৈরি করা হয়েছে। ভাস্কর্য ও মূর্তি এক জিনিস নয়। যারা এর অপব্যাখ্যা করে তাদের জানার ভুল আছে।

শুক্রবার টাঙ্গাইলের পৌর পার্কে টাঙ্গাইল পৌরসভা আয়োজিত টাঙ্গাইল হানাদারমুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী তাদের এই কাজ রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই আইনেই তাদের বিচার হবে। তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে বিএনপির জড়িত থাকা ও তাদের বিচারের আওতায় আনা হবে কি না বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভাংচুরে অবশ্যই তাদের যোগসাজশ আছে। প্রমাণসাপেক্ষে তাদের বিচার হবে। যারা অপরাধ করেছে তারা কেউ রেহাই পাবে না।

মন্ত্রী বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসের ১৬ তারিখ বাংলাদেশ পাকিস্তানি হানাদার ও শত্রুমুক্ত হয়। এর আগে ১১ ডিসেম্বর টাঙ্গাইলকে হানাদারমুক্ত করে সদর থানায় আমার নেতৃত্বে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করি। যে স্বাধীনতাবিরোধী শক্তি পাকবাহিনীর দালালি করেছে, পাকবাহিনীর উচ্ছিষ্ট ভোগ করেছে তারা পাকবাহিনীর পরাজয় কোনোদিনও সহজভাবে মেনে নেয়নি। তাদের দোসররাই দেশবিরোধী কাজে লিপ্ত আছে।

-এসএন
পূর্ববর্তি সংবাদইসরায়েলের সাথে চুক্তির পরই মরক্কোকে ১০০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদগরু জবাই নিষিদ্ধ করে মাংস রফতানি করা বিজেপির ভণ্ডামি: কংগ্রেস