স্কুলছাত্রীদের স্কার্ফ পরায় নিষেধাজ্ঞার আইন বাতিল করল অস্ট্রিয়ার আদালত

ইসলাম টাইমস ডেস্ক: অস্ট্রিয়ায় প্রাথমিক স্কুলে ছাত্রীদের ওপর স্কার্ফ পরা নিষিদ্ধ করা হয়েছিল। শুক্রবার এ আইনটি বাতিল করেছে দেশটির সাংবিধানিক আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আদালত জানায়, ইসলামী পোশাককে লক্ষ্য করে এবং ধর্মীয় স্বাধীনতা খর্ব করতে এ নিষেধাজ্ঞা জারি ছিল।

তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানায়, অস্ট্রিয়ার পূর্ববর্তী জোট সরকার ২০১৯ সালের মে মাসে এ আইন করেছিল।

দক্ষিণপন্থী ফ্রিডম পার্টির সঙ্গে মিলে সরকার গঠন করেছিল কনজারভেটিভ পিপলস পার্টি। তবে দুর্নীতির দায়ে কয়েকদিন পরেই পদত্যাগ করে ওই সরকার।

১০ বছরের নিচে মেয়েদের ওপর স্কার্ফ পরা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সরকারের ভাষ্য ছিল, ‘রাজনৈতিক ইসলাম’ থেকে মেয়েদের সুরক্ষার জন্য এ আইন করা হয়েছিল।

তবে গ্রিন পার্টিকে সঙ্গে নিয়ে আবার ক্ষমতায় আসা পিপলস পার্টি এ নিষেধাজ্ঞা ১৪ বছরের নিচের বয়সী মেয়েদের পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়।

পরবর্তীতে আদালতে সেই আইনের চ্যালেঞ্জ জানায় দুই শিশু এবং তাদের বাবা-মা। যাতে আইনটি তুলে নেওয়ার রায় দিল আদালত।

এদিকে অস্ট্রিয়ার মুসলিমদের সংগঠন ইসলামিক ফেইথ কমিউনিটি আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদনিউইয়র্কে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের ওপর গাড়ি তুলে দিল চালক
পরবর্তি সংবাদভারতীয় গরুর পেটে করে বাংলাদেশে আসছে ইয়াবা!