আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনায় ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: পাবনায় আওয়ামী লীগ নেতা এক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের অনন্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বকুল শেখ সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের অনন্ত বাজার এলাকায় মোকলেস গ্রুপ ও বকুল গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় মোকলেস গ্রুপের সন্ত্রাসীরা বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর পালিয়ে যায়। 

পাবনা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট আহাদ বাবু নিহত বকুলের দলীয় পরিচয় নিশ্চিত করে জানান, স্থানীয় বিএনপি নেতা মোকলেসের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

ইজে

পূর্ববর্তি সংবাদকরোনায় বইমেলা স্থগিতের প্রস্তাব দিল বাংলা একাডেমি
পরবর্তি সংবাদআরস নদী নিয়ে কবিতা, এরদোগানের উপর চটল ইরান