ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ইউনাইটেড হাসপাতালের এইচডিইউতে (হাই-ডিপেন্ডেন্সি ইউনিট) চিকিৎসাধীন হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মহাপরিচালক, শাইখুল হাদিস মাওলানা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থা সংকটাপন্ন।
আজ শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা নাগাদ হেফাজত মহাসচিবের সর্বশেষ অবস্থা জানতে তাঁর প্রেস সচিব মাওলানা মুনীর আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি ইসলাম টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল বোর্ডের পর চিকিৎসকরা শাইখুল হাদিস মাওলানা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থা আরো সংকটাপন্ন হওয়ার কথা জানিয়েছেন এবং হুজুরের সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে বলেছেন।
এদিকে জামিয়া মাদানিয়া বারিধারার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা নাজমুল হাসান এবং অন্যান্য আসাতিজা ও মাওলানা নূর হোসাইন কাসেমীর পরিবার হুজুরের রোগমুক্তি ও হায়াতে তাইয়্যেবার জন্য দেশবাসীর কাছে আবারও বিশেষ দোয়া চেয়েছেন।
গত ১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থতাবোধ করলে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
-এনটি
আরো পড়ুন: মাওলানা কাসেমীর সুস্থতা কামনায় খতমে কুরআন ও দুআর আবেদন
















