বিএনপি-জামায়াতের শোক: ‘তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক-তৌহিদী জনতার প্রিয় রাহবার’

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম ও ২০ দলীয় জোটের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি ও জামায়াত।

এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন। ইসলামী চিন্তাবিদ হিসেবে এদেশের মানুষকে তিনি গভীরভাবে প্রভাবিত করেছেন। বর্তমান স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে এই সাহসী নেতা শত নির্যাতন সহ্য করেছেন। তার সংগ্রামী ভূমিকা গণতন্ত্রকামী মানুষকে অনুপ্রাণিত করেছে।’

পৃথক আরেকটি শোকবার্তায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘মাওলানা নূর হোসাইন কাসেমী রহ. ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার। তার ইন্তেকালে দেশের ইসলাম প্রিয় জনতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’

প্রসঙ্গত, আগামীকাল সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় মাওলানা কাসেমী রহ.-এর জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। জানাজা শেষে কাসেমী রহ.কে টঙ্গীর তুরাগের জামিয়া সোবহানিয়া মাহমুদ নগর মাদরাসায় দাফন করা হবে।

-এনটি

পূর্ববর্তি সংবাদগোপন বৈঠকে মেজর সিনহাকে হত্যার পরিকল্পনা করে ওসি প্রদীপ: র‌্যাব
পরবর্তি সংবাদএবার বইমেলা আগের মতোই হবে, সময়সূচি পরে জানানো হবে