ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজস্থান রাজ্যের চিতোরগড় শহরে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। তাদেরকে এরই মধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মধ্যপ্রদেশ থেকে একটি যাত্রীবাহী জিপ রাজস্থানের দিকে যাচ্ছিল। উদয়পুর-নিম্বাহেড়া সড়ক দিয়ে আসার সময়ে ওই জিপটিকে উল্টোদিক থেকে আসতে থাকা একটি ট্রেলার (বড় ধরনের ট্রাক) সজোরে ধাক্কা মারে। এতে জিপটি উল্টে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১০ জন। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে টুইটারে বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, চিতোরগড়ের দুর্ঘটনার কথা শুনে অত্যন্ত মর্মাহত।
মোদী আরও বলেন, যারা পরিজন হারালেন, এই দুঃখের সময়ে তাদের সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি।
-আরএম
















