ইসলাম টাইমস ডেস্ক: অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদারকে তিন বছরের জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় শ্যাম সুন্দর সিকদারকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
শ্যাম সুন্দর সিকদার এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেব কর্মরত ছিলেন এবং সিনিয়র সচিব হিসেবে একই বিভাগ থেকে অবসরে যান।
গত ৪ ডিসেম্বর অবসরে যাওয়া বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হকের স্থলাভিষিক্ত হলেন শ্যাম সুন্দর সিকদার।
চলতি বছরের শুরুতেই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ সচিব পদ থেকে অবসরোত্তর ছুটিতে গিয়েছিলেন শ্যাম সুন্দর শিকদার। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৮৪ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা।
শ্যাম সুন্দর সিকদার তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার পূর্ব-মাদারীপুরের নড়িয়া থানার লোনসিং গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে এটি শরিয়তপুর জেলার অন্তর্গত।
-আরএম
















