চট্টগ্রামে ধর্ষণের পর শিশু মীমকে হত্যা: ৮ আসামির ফাঁসি

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামে ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মীমকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করার মামলায় আট আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে এ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আরেক আসামি পলাতক রয়েছেন।

২০১৮ সালের ২১ জানুয়ারি আকবর শাহ থানার বিশ্ব কলোনির মমতাজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে মীমের লাশ উদ্ধার করে পুলিশ। মীম স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। এ ঘটনায় শিশুটির মা রাবেয়া বেগম নগরীর আকবর শাহ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে।

ওই মামলায় পুলিশের তাৎক্ষণিক অভিযানে মো: বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), মো: রবিউল ইসলাম ওরফে রুবেল (১৬), মো: হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), মো: আকসান মিয়া প্রকাশ হাসান (১৮), মো: সুজন (২০) ও আয়শা মমতাজ মহলের কেয়ারটেকার মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করা হয়।

ওই সময় পুলিশ জানায়, মায়ের সাথে বিরোধের জের ধরে শিশু ফাতেমা আক্তার মীমকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। শিশুটির মায়ের সাথে গ্রেফতার হওয়া আসামি বেলাল হোসেন বিজয়ের মায়ের বিরোধ ছিল। তারই জের ধরে বিজয় অন্য আসামিদের যোগসাজশে তাকে তুলে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন।

-আরএম

পূর্ববর্তি সংবাদরাজধানীতে আগুনে পুড়ে তরুণের মৃত্যু
পরবর্তি সংবাদশাহজালাল বিমানবন্দর থেকে আরো একটি ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার