পঞ্চগড়ে মহানন্দার নদীতে পাথর তুলতে গিয়ে ঠাণ্ডায় শ্রমিকের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্তঘেষা নদী মহানন্দার বরফগলা পানির মধ্যে পাথর তুলতে গিয়ে ঠাণ্ডায় জাহিদুল হক (৫৩) নামের এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বারঘরিয়া সংলগ্ন সীমান্ত প্রবাহিত মহানন্দা নদীতে ঘটনাটি ঘটেছে। নিহত পাথর শ্রমিক জাহিদুল ইসলাম ওই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো সূর্যোদয়ের সময় নদীতে পাথর তুলতে যান তিনি। নদীতে নেমে কিছুক্ষণ পাথর তুলে তা টিউবে করে নদীর তীরে নিয়ে আসেন। কিন্তু এ শীত মৌসুমে নদীর পানি বরফের মতো ঠাণ্ডা হয়ে থাকে। নদীতে পাথর তোলার সময় প্রচণ্ড অসুস্থতা বোধ করে তীরে এসে জামা পাল্টানোর পর মাটিতে পড়ে যান। পরে সেখান থেকে সহযোগী পাথর শ্রমিকরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম মহানন্দা নদীর পাথর শ্রমিকের সংবাদটি নিশ্চিত করেছেন।

-এনটি

পূর্ববর্তি সংবাদ‘ক্রাইম পেট্রোল’ দেখে সোনালী ব্যাংকে ডাকাতি, ৮ লাখ টাকা লুট
পরবর্তি সংবাদআসামে ৬১০টি মাদরাসা বন্ধের বিল পাস