ইসলাম টাইমস ডেস্ক: গত একমাসে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় চারবার হামলা হয়েছে৷ সবশেষ হামলাটি হয় সোমবার ভোরে৷ রিয়াদ কর্তৃপক্ষ জানিয়েছে, জেদ্দা বন্দরে নোঙর করা এক তেলের ট্যাংকারে বিস্ফোরক ভরা নৌকাযোগে হামলা চালানো হয়েছে।
তবে ব্রিটিশ নৌবাহিনীর অন্তর্গত সংস্থা ‘দ্য ইউনাইটেড কিংডম মেরিন ট্রেড অপারেশন্স’ বা ইউকেএমটিও জেদ্দার আশেপাশে সাগরে থাকা জাহাজগুলোকে সতর্ক থাকতে বলেছে৷ বিডাব্লিউ রাইনে হামলার বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানিয়েছে তারা৷ ঐ ঘটনার পর জেদ্দা বন্দর ‘অজানা সময়’ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানিয়েছে ইউকেএমটিও৷ সমুদ্রযাত্রা বিষয়ক গোয়েন্দা সংস্থা ‘ড্রুয়াড গ্লোবাল’ টুইটারে খবরটি প্রকাশ করেছে৷
এক বিবৃতিতে হাফনিয়া বলেছে, হামলার কারণে বিডাব্লিউ রাইনে আগুন ধরে যায়৷ তবে জাহাজে থাকা ২২ জন নাবিক আহত হননি৷ কিছু তেল সাগরে পড়েছে বলে জানিয়েছে হাফনিয়া৷ তবে এখনও ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে৷
জেদ্দা বন্দর সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর৷ সৌদি আরবের ইয়ানবু শহরে থাকা সৌদি তেল কোম্পানি আরামকোর একটি তেল শোধনাগার থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন সীসাহীন গ্যাসোলিন নিয়ে বিডাব্লিউ রাইন ট্যাংকারটি জেদ্দায় গিয়েছিল৷ সেখান থেকে তেল নামানোর সময় এই হামলা হয়৷
এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি৷
এর আগে গতমাসে সৌদি উপকূলে থাকা এক জাহাজে মাইন বিস্ফোরিত হয়৷ এছাড়া এ মাসের শুরুতে ইয়েমেনের পুবের ছোট্ট বন্দর নিশতুনে থাকা এক কার্গো জাহাজে রহস্যজনক হামলার ঘটনা ঘটে৷
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা অতীতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে সি-মাইন ব্যবহার করেছে৷ যদিও গতমাসের হামলার দায় স্বাকীর করেনি হুতিরা৷
সূত্র: ডয়চে ভেলে
-এনটি
















