করোনা ভাইরাস: ব্যবসায়ীদের জন্য পৃথক ট্রাভেল লেন চালু করছে সিঙ্গাপুর সরকার

ইসলাম টাইমস ডেস্ক:  ব্যবসায়িক ভ্রমণকারীদের সুখবর আনছে সিঙ্গাপুর। যারা ব্যবসায়িক কাজে সিঙ্গাপুর যেতে চান তাদের জন্য পৃথক ট্রাভেল লেন চালু করছে সিঙ্গাপুর সরকার।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর বরাতে জানা যায়, মঙ্গলবার দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী চান চুন সিং ফেসবুকের এক পোস্টে একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘কানেক্ট সিঙ্গাপুর’ কর্মসূচির আওতায় বিশেষ এই ট্রাভেল লেন চালু হতে যাচ্ছে। এর আওতায় সব দেশ থেকেই সীমিত সংখ্যক ব্যবসায়িক কর্মকর্তা ও অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন ভ্রমণকারীদের সর্বোচ্চ ১৪ দিন সিঙ্গাপুরে থাকার অনুমতি দেয়া হবে।

২০২১ সালের জানুয়ারির মাঝামাঝি থেকে এ কর্মসূচি শুরু হবে বলেও জানিয়েছেন সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী। এর জন্য কঠোর স্বাস্থ্যবিধি ও পরীক্ষার প্রোটোকল অনুসরণ করা হবে।

তিনি জানান, ব্যবসায়িক ভ্রমণকারীদের কানেক্ট সিঙ্গাপুর কর্মসূচির আওতায় বিশেষায়িত ভবনে থাকতে হবে। নিয়মিত চেকআপ এবং সবধরনের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা মেনে চলতে হবে। কানেক্ট সিঙ্গাপুর কর্মসূচির আওতায় ভ্রমণকারীদের দেশছাড়ার আগেও বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হবে। সিঙ্গাপুর ভ্রমণের আগে অন্তত ১৪ দিনের মধ্যে তিনি অন্য কোনও দেশ থেকে ফিরলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এছাড়া, বাধ্যতামূলক করোনা টেস্ট করাতে হবে তাকে।

বিশ্বব্যাপী সিঙ্গাপুরের সুনাম বৃদ্ধি এবং করোনাভাইরাস মহামারির আঘাতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে এ কর্মসূচি শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন চান চুন সিং। তবে, সিঙ্গাপুর প্রবেশের পর ভ্রমণকারীদের জন্য কোনও কোয়ারেন্টাইন নির্দেশনা বা চলাচলের ওপর বিধিনিষেধ থাকছে না।

অবশ্য, কোনোভাবে যদি সিঙ্গাপুরে করোনার সংক্রমণ বেড়ে যায়, তাহলে এ কর্মসূচি বাতিল করা হতে পারে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। করোনা মহামারি নিয়ন্ত্রণে রাখা দেশটিতে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৩২৫ জন, মারা গেছেন মাত্র ২৯ জন।

পূর্ববর্তি সংবাদনবী করিম স. কখনো প্লেনে ওঠেননি, আপনারা কেন প্লেনে ওঠেন জানতে চান হানিফ
পরবর্তি সংবাদগ্রাহকের তথ্য ফাঁস করায় গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করল পুলিশ