ইসলাম টাইমস ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে স্ত্রীকে কু-প্রস্তাবের ঘটনার প্রতিবাদ করায় বাচ্চু সরদার (৩৫) নামে এক বাক-প্রতিবন্ধী স্বামীকে রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙ্গে দিয়েছে এক বখাটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। মঙ্গলবার দুপুরে হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার আলীপুর গ্রামের কাদের সরদারের প্রতিবন্ধী ছেলে বাচ্চু সরদারের স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল পার্শ্ববর্তী পশ্চিম আলীপুর গ্রামের শিরাজ বেপারীর বখাটে ছেলে হালান বেপারী। এ বিষয়টি স্বামী বাচ্চু সরদারকে অবহিত করেন স্ত্রী। পরে এ ঘটনার প্রতিবাদ করায় বাক-প্রতিবন্ধী বাচ্চু সরদারকে একা পেয়ে সোমবার দুপুরে হালান বেপারী রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙ্গে দেয় এবং তাকে গলা টিপে হত্যার চেষ্টা চালায়। এসময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হালান বেপারী পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত বাচ্চুর বড় ভাই বোরহান সরদার বলেন, আমার ভাই বাচ্চু একজন বোবা, প্রতিবন্ধী মানুষ। আমার ভাইয়ের স্ত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় হালান কু-প্রস্তাব দেয়। এ বিষয়টি জেনে আমার ভাই প্রতিবাদ করায় তাকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়ে হত্যা চেষ্টা চালায় হালান। আমরা কালকিনি থানায় একটি মামলা করার প্রস্তটি নিয়েছি।
আহত বাচ্চুর স্ত্রী বলেন, আমাকে কু-প্রস্তাবের বিষয়টি আমার স্বামীকে আমি প্রথমে জানাই। সে এ বিষয়ে প্রতিবাদ করায় তার পা ভেঙ্গে দিয়েছে হালান। আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত হালান বেপারী ঘটনা অস্বীকার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
-এনটি
















