২৪ ঘণ্টায় আরও ২৭ মৃত্যু, শনাক্ত ১৬৩২, সুস্থ ২৬২২

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন এক হাজার ৬৩২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬২২ জন। এখন পর্যন্ত সুস্থ হলেন চার লাখ ২৯ হাজার ৩৫১ জন।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। তবে মঙ্গলবারের (১৫ ডিসেম্বর) তুলনায় মৃত্যু এবং শনাক্ত দুটোই কমেছে। গতকাল (১৫ ডিসেম্বর) একদিনে মারা যান ৪০ জন। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ ছিল, আর শনাক্ত হয়েছিলেন এক হাজার ৮৭৭ জন।

এ নিয়ে করোনাতে এখন পর্যন্ত সরকারি হিসাবে মারা গেলেন সাত হাজার ১৫৬ জন আর শনাক্ত হলেন চার লাখ ৯৫ হাজার ৮৪১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৩২টি। আর র‌্যাপিড অ্যান্টিজেনসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২৫টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হলো ত্রিশ লাখ ২২ হাজার ৫৩৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৪ লাখ ১১ হাজার ৯৬৬টি আর বেসরকারিভাবে ছয় লাখ ১০ হাজার ৫৭১টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৫৯ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৪ শতাংশ।

-আরএম

পূর্ববর্তি সংবাদবিজয় দিবসে ফুল দেয়া নিয়ে পাবিপ্রবি শিক্ষকদের দুই গ্রুপের হাতাহাতি, অনুষ্ঠান পণ্ড
পরবর্তি সংবাদবিজয় দিবসে সেতুমন্ত্রী: ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপস নয়’