ইসলাম টাইমস ডেস্ক: আমার পরিবারের দুজন আধ্যাত্মিক ব্যক্তি এই ভূখণ্ডের পদার্পণ করেছিলেন। ইসলামের জন্য, ইসলামের প্রচারের জন্য এই ভূখণ্ডে আসছিলেন। আমার পরদাদা দরবেশ শেখ আব্দুল আউয়াল। ইসলামের জন্য জীবন দিয়ে চলে গেছেন। শেখ বোরহান উদ্দিন, তিনি ছিলেন বিজ্ঞ আলেম, ফরিদপুর এলাকায় আধ্যাত্মিক জগতের স্বনামধন্য আলেমদের একজন। আর জাতির পিতা বঙ্গবন্ধুর যদি ঐশ্বরিক ক্ষমতার না থাকতো তাহলে জাতিকে স্বাধীনতা দিতে পারত না। আর দুই আয়াত মুখস্থ কইরা তুমি হইয়া গেলা বড় আলেম! বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গো?
তিনি বুধবার বিকেলে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত ৪৯তম বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, শান্তিকামী বাঙালি এক ৭ই মার্চের ভাষণে সশস্ত্রবাহিনী হয়ে গেছে, গেরিলা যুদ্ধ করছে। আমরা বাপ গেরিলা যুদ্ধ করছে, রণাঙ্গনে। মুক্তিযোদ্ধা সংগঠন করছে, ট্রেনিং দিছে, নিজে রণাঙ্গনে যুদ্ধ করছে। সুতরাং আমাদেরকে দুর্বল ভাইবো না। চুপ কইরা বইসা থাকি, সহ্য করি। শুধু দেশের বৃহত্তর স্বার্থে, সংবিধানের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থে।
শেখ তাপস বলেন, জিগাইলাম, ভাস্কর্য ভাঙ্গছো, কেন ভাংছো ভাই? বলে ইসলাম। আরে ভাই, ইসলাম কি তোমার একার? মুসলমান কি তুমি একা? খৎনা কি তোমার একার হইছে, আমার হয় নাই? আরে, তোমার বাপ তোমারে পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছে আর আমি ঘরে বইসা আলিফ, বা, তা, ছা, জিম, হা শিখছি। তোমারে জোর করছে বইলা তুমি শিখছ। আর আমি স্বইচ্ছায় শিখছি।
তো তুমি আমার চাইতে বড় মুসলমান কোথ থেকে হইলা? আমি তিনটা ভাষা শিখছি – বাংলা, ইংরেজি, আরবি- স্বইচ্ছায়। তুমি তো শিখছ পিঠান খাইয়া। তাইলে তুমি বড় মুসলমান হইলা কিভাবে? কথায় কথায় তারা ইসলামের কথা কয়। আরে, একটা আকাম করবে তারপর হাদিস আর কোরআন নিয়া আসবে। হাদিস আর কোরআন কি তুমি একা পড়ছ? তুমি না হয় কয়েকটা আয়াত মুখস্থ করছ। আর কোরআন শরীফ আমিও কয়েক দফা পড়ছি- তেলাওয়াত শেষ করছি, অর্থ শেষ করছি, তরজমা শেষ করছি। হ্যাঁ মুখস্থ করিনি। তুমি মুখস্থ করছ, তোমারে পিটাইয়া মুখস্থ করাইছে। কইতে থাকবি, কইতেই থাকবি, তোতাপাখির মতো কইতে থাকবি। নাইলে তোরে বেত দিয়া পিটামু, কান ধইরা উঠবস করামু। তুমি সেজন্য মুখস্থ করছ,আর আমি সারা বিশ্বের সব কিছু শেখার জন্য তোমার মত মুখস্থ করি নাই। এই মুখস্থ শিক্ষার জন্য, পড়ার জন্য তুমি আমার চাইতে বড় মুসলমান হয়ে যাবা, আলেম হয়ে যাবা, এটা হলো?
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ছাগলের দুই বাচ্চা মায়ের দুধ খায় আর না বুইঝা তিন নাম্বার বাচ্চা খালি ফালায়। কি কয়- গৃহযুদ্ধ! আরে তুই ব্যাটা সংস্কারবাদী, তুই কস গৃহযুদ্ধ! তোর কথায় গৃহযুদ্ধ হইব? শেখ হাসিনারে দুর্বল মনে করছ? আরে, ৮১ সাল থেকে সংগ্রাম কইরা কইরা দেশটারে আজকে এই জায়গায় নিয়ে আসছে।
দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী স্বাগত বক্তব্য রাখেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রেজাউর রহমান,প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
















