মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে আল্লামা শফী রহ.কে হত্যার অভিযোগে মামলা

আল্লামা শাহ আহমদ শফী রহ.। ফাইল ছবি।

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা আহমদ শফী রহ.কে হত্যার অভিযোগে হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এই মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন আল্লামা আহমদ শফী রহ.-এর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন।

এ বিষয়ে তিনি বলেন, ‘আল্লামা শাহ আহমেদ শফী হুজুরকে হত্যার অভিযোগে মামুনুল হকসহ মোট ৩৬ জনকে আসামি করে মামলা করেছি।’

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ বিভিন্ন দায়িত্বশীদের নাম উল্লেখ করা হয়েছে মামলায়।

অন্যদের মধ্যে এখন পর্যন্ত নাম জানা গেছে, মাওলানা নাছির উদ্দিন মুনির, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, আজিজুল হক ইসলামাবাদী, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহসহ আরও অনেকে। এছাড়া  সবার তালিকা এখনও গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।

তবে মামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিষয়ে বাদীর আইনজীবী আবু হানিফ বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন বিভিন্ন শারীরিক অসুস্থতার পর আল্লামা আহমদ শফী রহ. গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এর আগে গত ১৪ নভেম্বর এক সংবাদ সম্মেলনে হেফাজতের তৎকালীন যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দিন রুহী দাবি করেন, আহমদ শফী রহ.কে ‘জামায়াত-শিবির পরিকল্পিতভাবে হত্যা করেছে’। এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত চান তিনি।

গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর জীবনকর্ম, অবদান শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব  মুফতি ফয়জুল্লাহ অভিযোগ করেন, আহমদ শফী রহ.-এর মৃত্যু স্বাভাবিক নয়। এরপরই এই মামলা দায়ের হল।

পূর্ববর্তি সংবাদদেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া
পরবর্তি সংবাদকিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর