ভারতে কৃষি আইনের প্রতিবাদে নিজেকে গুলি করে হত্যা করলেন শিখ পুরোহিত

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে কৃষি আইনের প্রতিবাদে চলমান আন্দোলনে যোগ দেয়া এক শিখ পুরোহিত আত্মহত্যা করেছেন। হরিয়ানার গুরুদুয়ারার পুরোহিত বাবা রাম সিং বুধবার সন্ধ্যায় নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তবে আত্মহত্যার কারণ হিসেবে তিনি সরকারকে দায়ী করে গেছেন। ‘‘কৃষকদের কষ্টে এবং সরকারের অবিচারের’’ প্রতিবাদে তিনি আত্মহত্যা করেছেন বলে সুইসাইড নোট লিখে গেছেন।

এনডিটিভি জানায়, কৃষি আইন বাতিলের প্রতিবাদে গত ২১ দিন ধরে আন্দোলন করছেন ভারতের লাখ লাখ কৃষক। পুরোহিত বাবা রাম সিংও যোগ দেন এই আন্দোলনে। কুন্দির দিল্লি-সনিপাত সীমান্তে অবস্থান করছিলেন ৬৫ বছরের রাম সিং। কৃষকদের আন্দোলনের উৎসভূমি সিঙ্গু সীমান্তের দুই কিলোমিটারের মধ্যেই অবস্থান ছিল রাম সিংয়ের।

ডেপুটি পুলিশ কমিশনার শ্যামলাল পুনিয়া রাম সিংয়ের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গাড়ির ভেতরে নিজের শরীরে গুলি চালান রাম সিং। এরপর তাকে দ্রুত পানিপথের পার্ক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

রাম সিংয়ের অনুসারীরা জানিয়েছেন, শুক্রবার কারানলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বাবা রাম সিং গতকালও(বুধবার) অন্যদের সাথে আন্দোলন নিয়ে কথা বলেছেন। ভারতীয় কিষান ইউনিয়নের হরিয়ানা শাখা প্রধান গুরুনাম সিং চারুনির সাথেও কথা বলেছেন। সরকার এবং কৃষকদের মধ্যকার অবস্থান নিয়ে তিনি তার সাথে আলোচনা করেছেন।

ইজে

পূর্ববর্তি সংবাদকরোনা ভাইরাস: যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড
পরবর্তি সংবাদনাপাক কাপড় পাক করার পদ্ধতি: প্রবাহিত পানিতে তিনবার নিংড়িয়ে ধোয়া জরুরি নয়