ইসলাম টাইমস ডেস্ক: ২০১৫ সালে প্যারিসভিত্তিক বিতর্কিত ম্যাগাজিন শার্লি এবদোর কার্যালয় ও একটি ইহুদি সুপারমার্কেটে হামলা চালানো বন্দুকধারীদের সহায়তার দায়ে ১৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। খবর আল জাজিরার।
বুধবার ঘোষিত এই রায়ে আদালত অভিযুক্তদের চার বছর থেকে আজীবন কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ১৪ জনের মধ্যে একজন হায়াত বোউমেডিয়েন, যিনি অ্যামেডি কোউলিব্যালির সাবেক সহযোগি। কোউলিব্যালি ইহুদি সুপারমার্কেটে হামলা চালিয়ে চার ব্যক্তিকে হত্যা করেছিলেন বলে তার নামে অভিযোগ রয়েছে।
দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে।
সম্প্রতি ফরাসি স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যার ঘটনায় আবারও আলোচনায় আসে শার্লি এবদো। স্যামুয়েল তার ক্লাসে শার্লি এবদোর আঁকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন প্রদর্শন করেছিল। কার্টুন প্রকাশ করে এর আগে একাধিকবার সমালোচিত হয়ে এসেছে বিতর্কিত ম্যাগাজিনটি।
-আরএম
















