ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্যের নাক ও মুখের কিছু অংশে ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়া কলেজের সভাপতি ও তাতীলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভকেট নিজামুল হক চুন্নু, প্রিন্সিপ্যাল হারুন-আর রশিদ, নাইট গার্ড খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে স্থানীয়রা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা দেখে প্রশাসনকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়।
উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, বাঘা যতীনের মুখ ও নাকের একাংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় খুব দ্রুত দোষীদের খুঁজে বের করা হবে।
কুমারখালী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, ইতোমধ্যে গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের বিভিন্ন দফতরকে কাজে লাগানো হয়েছে। দোষীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, দোষীদের খুঁজে বের করতে কলেজের সভাপতি, অধ্যক্ষ ও নৈশপ্রহরীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
-এনটি
















