ইসলাম টাইমস ডেস্ক: আগামী মার্চে ঐক্যবদ্ধ কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করে অবসরে যেতে পারেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। আজ শনিবার ড. কামাল হোসেনের ৭/সি নিউ বেইলী রোডের বাসভবনে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলন থেকে আসতে পারে এই কাউন্সিলের ঘোষণা। দলটির একাধিক দায়িত্বশীল নেতার সূত্রে এ তথ্য জানা গেছে। ।
দলটির প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্য এম মোকাব্বির খান গণমাধ্যমকে বলেন, নেতা কে হবেন, তা তো নির্ধারণ করবেন কাউন্সিলররা। তাছাড়া ড. কামাল হোসেন তো দীর্ঘ ১৫ বছর ধরে দলের নেতৃত্ব ছাড়তে চান। কিন্তু আমরাই তো তাকে রাখতে চাই। সমস্যা তো আমাদের মধ্যে। সংবাদ সম্মেলনের পর আমরা গণফোরামের নেতারা বসে আলোচনার মাধ্যমে কাউন্সিলের তারিখ নির্ধারণ করব। কাউন্সিলের মাধ্যমে অবসরে যেতে পারেন ড. কামাল হোসেন।
সংবাদ সম্মেলনে কী বার্তা ড. কামাল হোসেন দিতে পারেন সে সম্পর্কে এম মোকাব্বির খান বলেন, দেশ এখন নানা সংকটে নিপতিত। দেশের একজন জ্যেষ্ঠ নাগিরক এবং বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে করোনাভাইরাস সংকট, করোনার ভ্যাকসিন, রাজনৈতিক সংকটসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরবেন।
তবে গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু নতুন নেতৃত্বের বিষয়ে সংশয় প্রকাশ করে বলেন, ২৫ বছর ধরে ড. কামাল হোসেন গণফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে আমরা বেশ কয়েকজন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলেও তিনিই ছিলেন সভাপতি। তবে প্রায়ই তিনি রাজনীতি ছেড়ে অবসরে যাওয়ার কথা বলেন। কিন্তু আজও পর্যন্ত দলের দায়িত্ব ছেড়ে যাননি। আগামীতে যাবেন কি না তা তিনিই বলতে পারবেন।
ইজে
















