দুবাইয়ে ইহুদি স্কুল উদ্বোধন করে আমিরাতের রাজপরিবারের জন্য প্রার্থনা!

ইসলাম টাইমস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রোববার একটি ইহুদি স্কুল উদ্বোধনের পর দেশটির রাজপরিবারের নিরাপত্তার জন্য প্রার্থনা করা হয়েছে।

ইসরাইলের একজন শীর্ষস্থানীয় ইহুদি যাজক স্কুলটি উদ্বোধন করে আমিরাতের রাজপরিবারের নিরাপত্তার জন্য প্রার্থনা করেন।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইৎজাক ইউসেফ নামের ওই যাজক বৃহস্পতিবার আমিরাতে পৌঁছান।

কট্টরপন্থী হিসেবে পরিচিত এই যাজকের কোনো আরব দেশে এটিই প্রথম সফর। আবুধাবিতে নতুন একটি সিনাগগও (ইহুদি উপাসনালয়) উদ্বোধন করেন তিনি।

ইসরাইলের সরকারি টুইটার অ্যাকাউন্ট ‘ইসরাইল ইন অ্যারাবিক’ থেকে দুবাইয়ের নতুন ইহুদি স্কুল উদ্বোধনের বিভিন্ন ছবি প্রকাশ করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২০২০ সালের সেপ্টেম্বরে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত।

প্রথম আরব দেশ হিসেবে ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। আমিরাতের নাগরিকরা ভিসা ছাড়াই ইহুদি রাষ্ট্রটিতে ভ্রমণ করতে পারেন।

আমিরাতি হোটেলগুলোতে ইহুদিদের খাবারের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আবুধাবির সব হোটেলের প্রতি এ সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করা হয়।

-এসএন

পূর্ববর্তি সংবাদমঙ্গলবার সকাল থেকে সিলেট বিভাগে তিনদিনের ধর্মঘট
পরবর্তি সংবাদএবারের হাইআ পরীক্ষায় মেধাতালিকার শীর্ষে দেশের যেসকল মাদরাসা ও শিক্ষার্থী