ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোনার মদন থেকে রাকিব নামে এক মাদরাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রাকিব একই গ্রামের বজলু মিয়ার ছেলে ও বাঁশরী মমতাজ উদ্দিন হাফিজিয়া মাদরাসার নূরানী বিভাগের ছাত্র।
নিহতের স্বজনরা জানান, রাকিবের বাবা-মা জীবিকা নির্বাহের জন্য সিলেট থাকেন। তার বড় ভাই সোহাগ নিজ বাড়ি বাঁশরী গ্রামে বেড়াতে আসেন। রাকিবকেও বাড়িতে নিতে শনিবার রাতে মাদরাসায় গিয়ে ছুটির আবেদন করেন তিনি। রোববার ছুটি নিয়ে রাকিব বাড়িতে থাকে।
সোমবার ভোরে বাড়ির পাশে মসজিদে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে। পরে মসজিদের পেছনে আম গাছে রাকিবের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
মদন থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, দুপুরে রাকিবের লাশ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
-এনটি
















