ইসলাম টাইমস ডেস্ক: গত ১ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ের এক পরিপত্রের মাধ্যমে লোকসানের অজুহাত দেখিয়ে ৬ টি চিনি কল বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে চরম অমানবিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, আগে থেকে আখ চাষিদের চিনিকল বন্ধের কোনো সিদ্ধান্তের কথা না জানিয়ে চিনি কল বন্ধের ঘোষণা দেশকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিবে।
তিনি বলেন, আখ চাষিরা তাদের সর্বস্ব দিয়ে আখ চাষ করেছে। এখন আখ বিক্রির মৌসুমে হঠাৎ করে ছয় চিনিকল বন্ধের সিদ্ধান্ত চরম অমানবিক। এধরণের অপরিণামদর্শি সিদ্ধান্ত বাতিল করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ৬ টি চিনি কল বন্ধ করার সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তা বাতিল করতে হবে। তিনি বলেন, সিস্টেম লস এবং দুর্নীতি বন্ধ করতে না পেরে চিনিকল বন্ধ করা কোন সমাধান নয়।
তিনি বলেন, আখ মাড়াই ও চিনি উৎপাদন এর মৌসুম শুরু হয়েছে। এমনই একটি মুহুর্তে এই ঘোষণা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সরকার যদি এই সিদ্ধান্ত কার্যকর করে তাহলে হাজার হাজার শ্রমিক তাদের কর্ম হারিয়ে রাস্তায় বসবে। সরকারের প্রতি আহবান কিভাবে চিনিকলগুলো লোকসানের হাত থেকে রক্ষা করা যায় তার জন্য পদক্ষেপ নিন। চিনিকল বন্ধ করা কোনো সমাধান নয়। চিনি শিল্প ধ্বংস হয়ে গেলে দেশ আমদানি নির্ভর হয়ে পড়বে। তখন নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে। আমাদের কল কারখানা বাড়ানো উচিত। আমরা বাড়াতে পারছি না। সেখানে বন্ধ করাটা উন্নয়নের ধারায় সম্পূর্ণ বেমানান।
পীর সাহেব বলেন, অবিলম্বে চিনি কল বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করুন এবং শ্রমিকদের ৫ দফা ন্যায্য দাবি মেনে নিন।
-এমএসআই
















