ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর মাইজদী শহরের মেট্রো হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
ওই নবজাতকের বাবা নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের বাসিন্দা দয়াল গাজী অভিযোগ করে বলেন, সোমবার সকাল ৮টায় তার স্ত্রীকে তিনি মেট্রো হাসপাতালে ভর্তি করান। এরপর রাতে নরমাল ডেলিভারিতে তার মেয়ে সন্তানের জন্ম হয়। জন্ম নেয়ার পর থেকেই তার সন্তান একদমই সুস্থ ছিল। কিন্তু হঠাৎ করেই ডাক্তার তার সন্তানকে একটা ইনজেকশন দেয়। পরে ইনজেকশন দেয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই শিশুটি কাঁপুনি দিতে দিতে মারা যায়। সন্তানহারা দম্পতির অভিযোগ ভুল চিকিৎসার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে।
তিনি অভিযোগ করে আরো বলেন, শিশুটি মারা যাওয়ার পর তারা সিভিল সার্জনকে অবহিত করলে হাসপাতালের মালিকপক্ষ ভাড়াটিয়া লোকজন দিয়ে তার স্বজনদের ওপর হামলা করে। একপর্যায়ে তাদের হাসপাতাল থেকে বের করে দেয়। পরে পুলিশ এসে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে সিভিল সার্জন মাসুম এফতেখারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, জেলা সিভিল সার্জনের অফিস থেকে তদন্ত টিম গঠন করা হয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
-এনটি
















