ফরহাদ মজহার করোনায় হাসপাতালে, পরিবারের সুস্থতার দোআ কামনা

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন কবি, কলামিস্ট ও চিন্তক ফরহাদ মজহার। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন লেখক ও নির্মাতা মোহাম্মদ রোমেল।

ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতারের বরাত দিয়ে রোমেল জানান, গত ১১ ডিসেম্বর জ্বর অনুভব করেন  ফরহাদ মজহার। ওই সময় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল আয়োজনে যুক্ত ছিলেন তিনি।

পরে মঙ্গলবার তাকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নিউমোনিয়াজনিত জটিলতা থাকলেও আগের তুলনায় ভালো আছেন। পরিবারের পক্ষ থেকে এ বুদ্ধিজীবীর জন্য দোয়া চাওয়া হয়েছে।

ফরহাদ মজহারের জন্ম ১৯৪৭ সালের ৯ আগস্ট নোয়াখালীতে। চিন্তাবিদ, ঔষধশাস্ত্রবিদ, সামাজিক ও মানবাধিকার কর্মী এবং পরিবেশবাদী হিসেবে তার আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। রাজনৈতিক পরিসরে তার ভূমিকাও বেশ আলোচিত। লালন ও ইসলাম প্রশ্নে তার প্রস্তাবনা নানা সময়ের আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছিল।

ফরহাদ মজহারের লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে জগদীশ, মোকাবিলা, গণপ্রতিরক্ষা, ক্ষমতার বিকার ও গণশক্তির উদ্বোধন, সাম্রাজ্যবাদ, রক্তের দাগ মুছে রবীন্দ্রপাঠ, সংবিধান ও গণতন্ত্র, তিমির জন্য লজিকবিদ্যা, মার্কস পাঠের ভূমিকা, ডিজিটাল ফ্যাসিবাদ, মার্কস ফুকো ও রুহানিয়াত, খোকন এবং তার প্রতিপুরুষ, আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে, কবিতার বোনের সঙ্গে আবার, ক্যামেরাগিরি ও এবাদতনামা।

-এসএন

পূর্ববর্তি সংবাদইয়াবা দিয়ে ফাঁসিয়ে চাঁদাবাজির অভিযোগ, ওসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে মার্কিন সাবমেরিন