গাজায় কোভিড-১৯-এর চিকিৎসা সহায়তা হিসেবে মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম পাঠাল আমিরাত!

ইসলাম টাইমস ডেস্ক: কোভিড-১৯ থেকে সুরক্ষায় সহায়তা হিসেবে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ফিলিস্তিনের গাজায় যেসব সরঞ্জাম পাঠিয়েছে, তাতে মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী সরঞ্জাম রয়েছে, যেগুলো দ্বারা মহামারীর থেকে সুরক্ষা সম্ভব নয়।

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার একজন সরকারি কর্মকর্তার বরাতে ব্রিটেনভিত্তিক আরবি সংবাদমাধ্যম আল খালিজ অনলাইনে এ খবর দেয়া হয়েছে।

খবরে বলা হয়, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের পাঠানো সহায়তায় অত্যন্ত পুরনো এবং ল্যাবরেটরিতে পরীক্ষায় ব্যবহৃত পুরনো সরঞ্জাম রয়েছে। এসব সরঞ্জাম করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় ব্যবহারের উপযোগী নয়। এছাড়া অন্যান্য সরঞ্জামগুলোও কোভিড-১৯ সংক্রমিত রোগীদের সহায়তায় অনুপযোগী।

সূত্র মতে, আমিরাতি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, পাঠানো সহায়তার মধ্যে কোনো ভেন্টিলেটর নেই। শ্বাস-প্রশ্বাসের সাহায্যে ব্যবহৃত মেশিনের জন্য শুধু কিছু টিউব রয়েছে, গাজার হাসপাতালে এগুলো কোনো কাজেই আসবে না।

সূত্র বলছে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশের সাথে সাথে সহায়তার সমস্যা সমাধানের দাবি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছে একটি চিঠি পাঠিয়েছে।

সূত্রটি আরো বলছে, মেয়াদোত্তীর্ণ এসব সরঞ্জাম বিনষ্ট করতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যয়বহুল ও শ্রমসাধ্য উদ্যোগ নিতে হবে।

এর আগে, ১৭ ডিসেম্বর আমিরাতি সংবাদমাধ্যম আল-আইনে জানানো হয়, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সংযুক্ত আরব আমিরাত কোভিড-১৯ থেকে সুরক্ষায় সহায়তার অংশ হিসেবে এক শ’ ভেন্টিলেটর এবং দুই লাখ করোনাভাইরাস টেস্টিং কিটের এক সাহায্য বহর পাঠিয়েছে। গাজায় এসব সরঞ্জামের ব্যাপক অভাব রয়েছে।

আমিরাতের এই সাহায্য বহর মিসর-গাজার সীমান্তবর্তী রাফাহ ক্রসিং দিয়ে পাঠানো হয় এবং গাজার ফাতাহ নেতা মোহাম্মদ দাহলান এই সহায়তা গ্রহণ করে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন।

আল-আইনের ওই খবরে আরো জানানো হয়, সাহায্য বহরে গাজার স্বাস্থ্যকর্মীদের সহায়তার জন্য ১৪ টন চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই, আল খালিজ অনলাইন

-আরএম

পূর্ববর্তি সংবাদমিশর: করোনা হাসপাতালে আগুন লেগে নিহত কমপক্ষে ৭
পরবর্তি সংবাদচলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, চালকসহ তিনজনের নামে মামলা