লেবাননে সিরিয় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: মধ্যপ্রাচ্যের রাষ্ট্র লেবাননের উত্তরাঞ্চলে স্থানীয় বাসিন্দা এবং শরণার্থী শিবিরের কয়েকজন সদস্যের দ্বন্দের পর সিরিয়ান শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে  ঘটনাটি ঘটে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, মিনিয়েহ এলাকার ওই শিবিরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কয়জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি ইউএনএইচসিআর।

ইউএনএইচসিআরের মুখপাত্র খালিদ কাব্বারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। কারণ শিবিরটি তৈরি করা আছে প্লাস্টিক এবং কাঠ দিয়ে। সেখানে অন্তত ৭৫টি পরিবারের বসবাস বলেও জানান তিনি।

লেবাননের একটি পরিবারের সঙ্গে শরণার্থী শিবিরের একজন শ্রমিকের দ্বন্দ্ব হয়। সেই ঘটনার জেরে হাতাহাতির পর রাতের বেলা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে লেবাননের সিভিল ডিফেন্স কাজ করেছে। সেখানে সেনাবাহিনী ও পুলিশের সদস্য মোতায়েন করে রাখা হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদসোমবার-বৃহস্পতিবারে রোজা রাখার বিশেষ গুরুত্ব ও ফজিলত
পরবর্তি সংবাদতুরস্কের পূর্বাঞ্চলীয় এলাজিক প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত